গড়বেতা-৩-এ ৭০-৮০ হাতির তাণ্ডব, ফসল নষ্টে অতিষ্ঠ চাষিরা।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-৩ ব্লকে ফের হাতির তাণ্ডব! একসঙ্গে প্রায় ৭০ থেকে ৮০টি হাতির দল জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। বৃহস্পতিবার রাতে আচমকাই বড় হাতির দলটি দু’ভাগ হয়ে বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে বলে অভিযোগ।
নয়াবসত রেঞ্জের বীরপাথরীর জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা হাতির দল রাতের অন্ধকারে শুটকু, বীরপাথরী-সহ একাধিক এলাকায় তাণ্ডব চালায়। হাতির হানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জমির ধান এবং অন্যান্য ফসলের। ফলে চাষিদের মাথায় হাত। ফসলের ক্ষতির পাশাপাশি হাতির আতঙ্কে রাত জেগে পাহারা দিতে হচ্ছে গ্রামবাসীদের।
বনদপ্তর সূত্রে শুক্রবার সকালে সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে বীরপাথরীর জঙ্গলে রয়েছে প্রায় ৫০ থেকে ৫২টি হাতি। অন্যদিকে আঁকছড়া এলাকায় রয়েছে আরও ১২ থেকে ১৫টি হাতির দল।
একদিকে ফসল নষ্ট, অন্যদিকে বাড়ছে হাতির আতঙ্ক—পরিস্থিতি নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির হিসেব করে তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষয়ক্ষতি এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বনদপ্তর। হাতির গতিবিধির উপর নজরদারি চালানোর পাশাপাশি গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে।
এখন প্রশ্ন একটাই—কবে থামবে হাতির তাণ্ডব? আর কবে মিলবে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ?

