বাইকে সন্দেহজনক ঘোরাঘুরি, তল্লাশিতে মিলল ৪টি পাইপগান—কালিয়াচকে পুলিশের জালে দুই যুবক।
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদার কালিয়াচকে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ার ঘটনায় বিহার আগ্নেয়াস্ত্র কিনে বাংলাদেশে পাচারের চেষ্টার অনুমান করছে পুলিশ। মঙ্গলবার প্রেস বিবৃতি দিয়ে এমনই অনুমানের কথা জানালেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। উল্লেখ্য, সোমবার বিকালে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির নলদাহাড়ি এলাকায় পুলিশ একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত দুই দুষ্কৃতীর মধ্যে একজনের নাম সুবর্ণ মন্ডল ওরফে বুবাই এবং অপরজনের নাম দীপঙ্কর মন্ডল। দুজনেরই বয়স ২৪ বছর। দুজনেই কালিয়াচকের মিলিক সুলতানপুর এলাকার বাসীন্দা। এদিন তারা একটি বাইকে চেপে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির অধীনস্ত নলদাহাড়ি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় চার-চারটি পাইপ গান। এই প্রসঙ্গে মঙ্গলবার জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, ধৃতরা বেআইনি আগ্নেয়াস্ত্র কোথায় পেল? একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কোথায়, কী উদ্দেশ্যে যাচ্ছিল, তা পুলিশ খতিয়ে দেখছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ধৃতরা বিহার আগ্নেয়াস্ত্র কিনে বাংলাদেশে পাচারের ছক কষেছিল। তবে তাদের চেষ্টা পুলিশ ভেস্তে দেয়। মঙ্গলবার ধৃত দুই দুষ্কৃতীকে পুলিশি হেপাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।

