থানার বাথরুমে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আসামির।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানায় পুলিশি হেফাজতে আসামির মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
চুরির মামলায় গ্রেফতার হওয়া এক আসামি থানার বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে খবর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ সুপার সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে চন্দ্রকোনা থানা এলাকা থেকে চুরির মামলায় রাহুল রুইদাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ঘাটাল মহকুমা আদালত তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশি হেফাজতে থাকাকালীন থানার বাথরুমে গিয়ে পরনের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগান রাহুল। পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার HDU-তে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

