বজ্রপাতের পরই আগুন? দেওডাঙায় রান্নাঘর-গোয়ালঘর পুড়ে ছাই, জীবন্ত দগ্ধ ২ গরু।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটার দেওডাঙা লিচুতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আচমকাই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় একটি পরিবারের রান্নাঘর ও গোয়ালঘর। আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় দুটি দুধেল গরুর। গুরুতর জখম হয়েছে আরও দুটি গরু। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। জানা গিয়েছে, জটেশ্বর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওডাঙা লিচুতলা এলাকায় ওই পরিবারের বাড়িতে আচমকাই আগুন লাগে। পরিবারের সদস্য সন্তোষ মণ্ডলের দাবি, বজ্রপাতের পরই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘর ও গোয়ালঘরে। আগুনের গ্রাসে পুড়ে যায় ঘরে থাকা বহু প্রয়োজনীয় সামগ্রী। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গোয়ালঘরে থাকা দুটি দুধেল গরুর মৃত্যু হয়। আহত হয় আরও দুটি গরু।পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও বজ্রপাতের জেরেই আগুন লেগেছিল কি না তা এখনও স্পষ্ট নয়।

