ভূতনীর বানভাসি এলাকায় ত্রাণ বিতরণ, মুখ্যমন্ত্রীর বন্যা পরিদর্শনের কথা জানালেন গৌড়চন্দ্র মণ্ডল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার ভূতনীর বন্যা পরিদর্শনে আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রীর আগমণের দিন এখনও ধার্য হয়নি-এ দিন ভূতনীতে ত্রাণ বিতরণ করতে গিয়ে এমনটাই জানালেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল। উল্লেখ্য, গত ৩রা সেপ্টেম্বর থেকে মানিকচকের ভূতনীতে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। গঙ্গার জলে ভাসছে ভূতনীর তিনটি অঞ্চল। বানভাসী হয়েছেন দুই লক্ষাধিক মানুষ। এই পরিস্থিতিতে বানভাসী দুর্গত মানুষজনের পাশে সর্বক্ষণ রয়েছেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল। এ দিন তিনি ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে ভূতনীর বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন। সেই সঙ্গে বিভিন্ন দুর্গত এলাকায় নৌকা করে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন। পরে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ভূতনীর ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তিনি সহ প্রশাসনিক আধিকারিকরা লাইফ জ্যাকেটের মতো সর্বক্ষণ ভূতনীবাসীকে রক্ষা করে চলেছেন। তাদের পাশে আছেন। সমস্ত অসহায় মানুষজনের মধ্যে পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দিচ্ছেন। বিগত সরকারের মতো ত্রাণ নিয়ে লুটপাট চলবে না। এছাড়াও তিনি জানান, ভূতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রীর আগমণের দিন এখনও ধার্য হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *