একদিনের ব্যবধানে ফের নাবালিকার সন্তান প্রসবের অভিযোগে গ্রেফতার, চন্দ্রকোনারোডে শোরগোল।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নাবালিকার সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে। ১৮ বছরের নিচে এক কিশোরীর সন্তান প্রসবের অভিযোগে এবার গ্রেফতার করা হল সন্তানের বাবাকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড এলাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনারোড শহরের একটি বেসরকারি নার্সিংহোমে শুক্রবার ১৫ বছরের এক নাবালিকা সন্তানের জন্ম দেয়। বিষয়টি নজরে আসতেই নার্সিংহোম কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এরপর তদন্তে নেমে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ আঁধারনয়ন গ্রাম থেকে আমানুল্লা খান নামে এক যুবককে গ্রেফতার করে।
নাবালিকার প্রসবের অভিযোগে একের পর এক গ্রেফতারের ঘটনায় এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে মাত্র একদিনের ব্যবধানে ফের একই ধরনের অভিযোগে গ্রেফতার ঘিরে প্রশ্ন উঠেছে নাবালিকাদের সুরক্ষা নিয়ে। উল্লেখ্য, এর আগের দিনই গড়বেতার সন্ধিপুর এলাকা থেকে রাহুল মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, ১৭ বছরের এক নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়।
অর্থাৎ, একদিনের ব্যবধানে পশ্চিম মেদিনীপুরে নাবালিকার সন্তান প্রসবের অভিযোগে পরপর দু’জন যুবকের গ্রেফতার ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে। গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

