প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তা এক বছরেই বেহাল! গয়েশপুরে একাধিক জায়গায় ধস।

নদিয়া, কল্যাণী, নিজস্ব সংবাদদাতা: বর্ষা শুরু হতেই গয়েশপুর পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের শিববাড়ি সংলগ্ন রাস্তায় একাধিক জায়গায় ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে। রাস্তার বিভিন্ন অংশে বড়সড় ধস তৈরি হওয়ায় যাতায়াতকারী সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গয়েশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শিববাড়ি রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। কিন্তু বর্ষার শুরুতেই রাস্তার বেশ কয়েকটি অংশে ধস নেমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তার একাধিক জায়গায় ধসের কারণে পথচারী ও যানবাহন চালকদের সতর্ক হয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের দাবি, ভোটের আগে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের আমলে রাস্তাটির নির্মাণকাজ হয়েছিল। জানা যায়, ১১ সেপ্টেম্বর ২০২৫ থেকে কাজ শুরু হয়ে ২২ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে তা সম্পন্ন হয়। রাস্তার দৈর্ঘ্য ছিল প্রায় ৩১২ মিটার এবং নির্মাণে আনুমানিক ৪ কোটি ৮৮ লক্ষ ৬৪ হাজার ৬০০ টাকা খরচ হয়েছে বলে দাবি করা হয়েছে।

এত টাকা ব্যয়ে নির্মাণের পর এক বছরের মধ্যেই রাস্তার বিভিন্ন অংশে ধস দেখা দেওয়ায় কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, নির্মাণকাজে কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। রাস্তার বর্তমান পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের তৃণমূল পৌর প্রতিনিধিদের বিরুদ্ধেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে রাস্তার ধসের বিষয়টি ইতিমধ্যেই তাঁদের নজরে এসেছে বলে জানিয়েছেন গয়েশপুর পৌরসভার নির্বাহী আধিকারিক রবীন্দ্রনাথ বাড়ৈ। তিনি বলেন, “রাস্তার ধসের খবর পেয়েছি। আমরা আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখব এবং খুব দ্রুত সমস্যার সমাধান করার ব্যবস্থা করব।”

প্রশাসনের এই আশ্বাসে কিছুটা স্বস্তি মিললেও স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা পরিদর্শন করে ধসের কারণ চিহ্নিত করার পাশাপাশি স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে হবে। কারণ প্রতিদিনের ব্যস্ত এই রাস্তায় আরও ধস নামলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *