১১ লক্ষ টাকার ঋণ, ৮ বছরেও শোধ নয়! আদালতের নির্দেশে কালনায় বাড়ি দখল ব্যাঙ্কের।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ আট বছর ধরে ঋণের টাকা পরিশোধ না করায় অবশেষে আদালতের নির্দেশে একটি বাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ কালনা থানার পুলিশ প্রশাসন এবং কালনা কোর্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই সম্পত্তি দখলের প্রক্রিয়া সম্পন্ন হয়। ঘটনাটি ঘটেছে কালনার নিভুজী রেল গেট সংলগ্ন বাঘনাপাড়া রেলস্টেশনের কাছে।
স্থানীয় ও ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির মালিক পিন্টু কুণ্ডু ও তাঁর স্ত্রী বুলা কুণ্ডু পেশায় যথাক্রমে মাইক ব্যবসায়ী ও চা বিক্রেতা। প্রায় ৮ বছর আগে তাঁরা আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের বর্ধমান শাখা থেকে আনুমানিক ১১ লক্ষ টাকা ঋণ (লোন) নিয়েছিলেন। অভিযোগ, ঋণ নেওয়ার পর থেকেই দীর্ঘ আট বছর ধরে তাঁরা কোনো কিস্তি বা ঋণের টাকা পরিশোধ করেননি।
ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, বকেয়া ঋণ আদায়ের জন্য ব্যাঙ্কের কর্মীরা বারংবার তাঁদের বাড়িতে যোগাযোগ করতে যান। কিন্তু অভিযোগ, পিন্টুবাবু ও তাঁর স্ত্রী ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত দুর্ব্যবহার করে তাঁদের তাড়িয়ে দিতেন এবং টাকা মেটাতে অস্বীকার করতেন।
পরবর্তীতে আইনি পদক্ষেপ হিসেবে কালনা আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে ম্যাজিস্ট্রেট ও কালনা থানার পুলিশের উপস্থিতিতে আধার হাউসিং ফাইন্যান্স লিমিটেডের আধিকারিকরা বাড়ি ও সম্পত্তি সিল করে নিজেদের দখলে নেন।
অভিযান চলাকালীন বাড়ির মালিক পিন্টু কুণ্ডু ও তাঁর পরিবার এলাকা ছেড়ে চম্পট দেয়। বর্তমানে তাঁরা পলাতক। কালনা এলাকায় আদালতের নির্দেশে এই ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *