গ্যারেজে লেদের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল ২৮ বছরের কৌশিকের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের সাতবাঁকুড়া এলাকায় কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম কৌশিক কর্মকার (২৮)। তাঁর বাড়ি শালবনির যাত্রা বিষ্ণুপুর এলাকার পানপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতবাঁকুড়া এলাকার একটি গ্যারেজে লেদের কাজ করতেন কৌশিক। বুধবার সন্ধ্যায় কাজ চলাকালীন আচমকাই বিদ্যুৎপৃষ্ট হন তিনি। ঘটনাটি নজরে আসতেই সহকর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে ওই যুবক বিদ্যুৎপৃষ্ট হলেন এবং গ্যারেজে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *