প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল, ত্রিশূলী ও ভোটেকোশি নদীতে ভয়াবহ বন্যা।

নেপাল, নিজস্ব সংবাদদাতা:-প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত প্রতিবেশী দেশ নেপাল। ক্রমাগত বৃষ্টিপাতের জেরে ত্রিশূলী নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। হু হু করে বেড়ে চলা নদীর জল ঢুকে পড়েছে ত্রিশূলী বাজারের বিস্তীর্ণ এলাকায়। জলের তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও দোকানপাট। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। আচমকা এই বিপর্যয়ে গোটা বাজার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক।

একই সঙ্গে জানা যাচ্ছে, আজ, বুধবার, ২৬ অগস্ট ভোররাতে নেপালের রসুওয়া জেলাতেও আছড়ে পড়েছে ভয়াবহ বন্যা। ভোটেকোশি নদী বরাবর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। নেপালের ফ্লাড ফোরকাস্টিং ডিভিশন সূত্রে জানা গিয়েছে, তিব্বতের দিক থেকেই এই বন্যার জল ভোটেকোশি নদীতে প্রবেশ করেছে বলে অনুমান। তবে ঠিক কখন এবং কোথা থেকে এই বন্যার সূত্রপাত, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

পরিস্থিতি আরও উদ্বেগজনক নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায়। বন্যার তাণ্ডবে সেখানকার একাধিক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় রাস্তাঘাট, সেতু এবং বিদ্যুৎ প্রকল্পেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিব্বতের গিরং (Gyirong) কাউন্টিতেও বন্যার কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। চিনের সরকারি সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, চিন ও নেপালের মধ্যবর্তী একটি সীমান্ত পারাপার কেন্দ্রে আঘাত হানে ভয়াবহ ভূমিধস, যার জেরে বহু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছেন।

পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই তৎপর হয়েছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে শুরু হয়েছে উদ্ধারকাজ। আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও চলছে জোরকদমে। প্রবল বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *