CCTV ক্যামেরা ভেঙে সরকারি মদের দোকানে চুরি, আমলাশুলিতে চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার আমলাশুলি এলাকায় সরকারি মদের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির আগে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দোকানে থাকা CCTV ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দোকান থেকে লক্ষাধিক টাকা নগদ খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
দোকানের মালিক অজয় কুমার মণ্ডল জানান, সোমবার দোকান খুলতে এসে তিনি দেখতে পান, দোকানের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকে দেখা যায়, দোকানের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে রয়েছে। এরপর দোকানের আলমারি পরীক্ষা করে দেখা যায়, সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা খোয়া গিয়েছে। চুরির ঘটনায় দোকানে থাকা CCTV ক্যামেরাও ভাঙা অবস্থায় পাওয়া যায়। ফলে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবেই দোকানে ঢুকে চুরি করেছে এবং CCTV-র ফুটেজ নষ্ট করে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার বিষয়ে গোয়ালতোড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুষ্কৃতীরা দোকানে প্রবেশ করল, চুরির ঘটনায় কারা জড়িত এবং কত টাকা খোয়া গিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *