২৭ লক্ষ বাদ পড়া ভোটারের নাম ফেরানোর দাবি, সিইও দফতরে জমিয়তে উলামায়ে হিন্দ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া প্রায় ২৭ লক্ষ ভোটারের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে পাঁচ পাতার একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে বাদ পড়া ভোটারদের স্বার্থে একাধিক দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের বিষয়টি পুনর্বিবেচনা করা এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

জমিয়তে উলামায়ে হিন্দের প্রতিনিধিদের বক্তব্য, ভোটাধিকার একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার। তাই কোনও যোগ্য নাগরিক যাতে প্রক্রিয়াগত কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। বাদ পড়া ভোটারদের সমস্যা খতিয়ে দেখে তাঁদের দাবি ও অভিযোগের দ্রুত নিষ্পত্তিরও দাবি জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই বিষয়ে প্রশাসনের কাছে ধারাবাহিকভাবে তাঁদের বক্তব্য তুলে ধরা হবে। এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তাঁরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *