অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা না পেয়ে মাটিগাড়া বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ।
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- মাটিগাড়া ব্লক অফিসে সোমবার অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন বিপুল সংখ্যক মহিলা।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, আগে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেলেও বর্তমানে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের দাবি, প্রকল্পের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র অনেক আগেই ব্লক অফিসে জমা দেওয়া হয়েছে। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও আবেদনপত্রের বর্তমান অবস্থা এখনও ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে।
এদিন তাঁরা প্রশাসনের কাছে অবিলম্বে আবেদনগুলির নিষ্পত্তি করে অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা প্রদান করার দাবি জানান। পাশাপাশি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

