খবরের কাগজে মোড়ানো অবস্থায় মিলল সদ্যোজাতের ভ্রূণ, তদন্তে পুলিশ।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার সকালে মাথাভাঙ্গা শহরের শনি মন্দির মোড় এলাকায় সদ্যোজাত এক শিশুর ভ্রূণ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার বাসিন্দারা রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় খবরের কাগজে মোড়ানো একটি ভ্রূণ পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি নজরে আসতেই দ্রুত এলাকাজুড়ে খবর ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে।
পরবর্তীতে স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি মাথাভাঙ্গা থানার পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীভাবে এবং কারা ওই ভ্রূণটি সেখানে ফেলে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।
শহরের ব্যস্ততম এলাকায় এ ধরনের ঘটনা সামনে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

