১০০ দিনের কাজে নতুন গতি, জটেশ্বরে MGNREGA প্রকল্পের শুভ সূচনা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার থেকে ফালাকাটা ব্লকে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো MGNREGA প্রকল্পের কাজ। জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪৭ নম্বর পাটে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কর্মসূচির সূচনা করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষী পাল, উপ-প্রধান অর্ণব ঘোষ, প্রশাসনিক আধিকারিক, সমাজসেবী ফনিভূষণ রায়, শিল্পী সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এই কর্মসূচি শুরুকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। তাঁদের মতে, এই কাজ নিয়মিতভাবে চালু থাকলে গ্রামীণ মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং বহু পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে। এলাকার এক বাসিন্দা বলেন, “এই কাজ পেয়ে আমরা খুবই খুশি। এতে সংসারের খরচ সামলাতে অনেকটাই সুবিধা হবে।” স্থানীয়দের আশা, এই প্রকল্পের মাধ্যমে এলাকার রাস্তা, জলনিকাশি ব্যবস্থা-সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন যেমন হবে, তেমনই বহু পরিবার সরাসরি উপকৃত হবে। ফলে গ্রামীণ উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলেই মনে করছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *