সামান্য বৃষ্টিতেই জলমগ্ন বেলুড় সাপুঁইপাড়া, নিকাশি সমস্যায় নাজেহাল বাসিন্দারা
হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- ডোমজুড় বিধানসভার বেলুড় সাপুঁইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২৫৫ ও ২৬৭ নম্বর বুথ এলাকার লোকনাথ মন্দির সংলগ্ন রাস্তা এবং জামতলা চার্জ গলি দীর্ঘদিন ধরেই জল জমার সমস্যায় ভুগছে। এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত জলনিকাশি ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। এখনও বর্ষা পুরোপুরি শুরু না হলেও কয়েক পশলা বৃষ্টিতেই এলাকার এই করুণ চিত্র সামনে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছর ধরেই এই সমস্যা চলে আসছে। বারবার অভিযোগ জানানো হলেও জনপ্রতিনিধি ও স্থানীয় সদস্যদের পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র আশ্বাস দিয়েই বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।
এলাকাবাসীরা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত হয়। অথচ রাস্তার বেহাল অবস্থা ও জল জমার সমস্যা নিয়ে প্রশাসনের কোনও নজর নেই। পাশাপাশি রাস্তার ধারে একাধিক জায়গায় বড় বড় জঙ্গল ও আগাছা জন্মে রয়েছে। এর ফলে সাপ-সহ বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
বাসিন্দাদের একাংশের বক্তব্য, এতদিন ভয় ও নানা কারণে তাঁরা প্রকাশ্যে অভিযোগ জানাতে পারেননি। তবে বর্তমানে তাঁরা নির্ভয়ে ক্যামেরার সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরছেন।
এলাকাবাসীদের আরও দাবি, সম্প্রতি বিধানসভা নির্বাচনের প্রচারের সময় ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী এলাকায় জল জমার পরিস্থিতি দেখে ভেতরে প্রচারে আসেননি। অন্যদিকে বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা জলমগ্ন রাস্তা পেরিয়ে এলাকায় পৌঁছে মানুষের সঙ্গে কথা বলেন বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
এই দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান এবং উন্নত জলনিকাশি ব্যবস্থার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা।

