কাঁচরাপাড়ার স্কুলে কোটি টাকার হদিশ! সিক রুম থেকে উদ্ধার নগদ অর্থ ঘিরে তোলপাড়।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে টাকা গণনার মেশিনে ২৬ লক্ষ টাকা গণনা করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও একই ধরনের আরও ৮টি প্যাকেটে নগদ অর্থ মজুত রয়েছে বলে দাবি করা হয়েছে, ফলে মোট অঙ্ক কয়েক কোটিতে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজপুর থানার পুলিশ এবং ডিসিপি (নর্থ) আশিম খান। ঘটনাস্থলে উপস্থিত হন বিজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাস। তিনি অভিযোগ করে বলেন, একসময় বিজপুরবাসীর গর্বের প্রতিষ্ঠান হার্নেট স্কুল আজ দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে।সুদীপ্ত দাসের অভিযোগ, স্কুলের প্রাক্তন প্রেসিডেন্ট ও কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী, বিজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে কোনও সরকারি বা তদন্তকারী সংস্থার মাধ্যমে এখনও নিশ্চিতকরণ হয়নি।এছাড়াও স্কুলের সিক রুমে সুসজ্জিত বিছানা, দেওয়াল আলমারি এবং অ্যাটাচড বাথরুম থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, ওই আলমারি থেকে আপত্তিকর জিনিসপত্র পাওয়া গেছে, যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, নগদ অর্থের বিষয়ে তিনি অবগত নন এবং এ সংক্রান্ত তথ্য স্কুলের অ্যাকাউন্ট্যান্টই ভালো বলতে পারবেন। সিক রুমে কী রাখা ছিল, সে বিষয়েও তিনি কোনও তথ্য জানেন না বলে দাবি করেছেন।
ঘটনার প্রকৃত সত্যতা, উদ্ধার হওয়া অর্থের উৎস এবং উত্থাপিত অভিযোগগুলির ভিত্তি এখন তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *