নিজেদের প্রধানের বিরুদ্ধেই বিক্ষোভ! ধূপগুড়িতে বিজেপির অন্দরে টেন্ডার বিতর্ক।
নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: যেখানে রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব শাসক দল। সেখানেই ধূপগুড়িতে দেখা গেল উল্টো ছবি। টেন্ডার বণ্টনে অনিয়মের অভিযোগ তুলে নিজেদেরই দলীয় প্রধানের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন বিজেপির একাংশ কর্মী-সমর্থক বলেই দাবী । শুধু বিক্ষোভই নয়, কিছু সময়ের জন্য প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত চত্বর।
অভিযোগ, কয়েক মাস আগে একটি সৌরচালিত পানীয় জল প্রকল্পের জন্য প্রায় ২১ লক্ষ টাকার টেন্ডার ডাকা হয়। সেই টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত কর্তৃপক্ষের মদতেই নির্দিষ্ট এক ব্যক্তিকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে একাধিক বার অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি বলেও দাবি তাঁদের।
এর প্রতিবাদেই এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির একাংশ কর্মী-সমর্থক। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারী ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিক্ষোভকারী ও স্থানীয় ঠিকাদার খগেশ্বর রায়ের অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতার ভাইকে অর্থের বিনিময়ে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ না হওয়ায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তিনি নিজেও বিজেপির কর্মী বলে জানান।
অন্যদিকে, বিজেপির পশ্চিম মণ্ডল সভাপতি পলাশ বসাক দাবি করেছেন, দলের পক্ষ থেকে কোনও কর্মসূচি ছিল না। তাঁর বক্তব্য, কয়েক জন ব্যক্তি সেখানে উপস্থিত থাকতে পারেন, কিন্তু বিজেপির নেতৃত্বে কোনও বিক্ষোভ হয়নি।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয় রায়। তাঁর দাবি, সরকারি নিয়ম মেনেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অভিযোগকারীদের ব্যক্তিগত স্বার্থ জড়িত রয়েছে বলেই এই বিতর্ক তৈরি করা হচ্ছে।

