৬৮৮ নম্বর পেয়ে নজর কাড়ল মালদার কৃতি ছাত্র।
মালদা, নিজস্ব সংবাদদাতা :- মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর গর্বে ভাসছে নালাগোলা। এবারের পরীক্ষায় ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে দশম এবং মালদা জেলায় চতুর্থ স্থান অধিকার করে সকলের নজর কাড়ল নালাগোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র মনিষ ঘোষ। তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, বিদ্যালয় ও গোটা এলাকায়।
নালাগোলা বিবেকানন্দ মোড় এলাকার বাসিন্দা মনিষ ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। তার বাবা মলয় কুমার ঘোষ কৃষিকাজের পাশাপাশি বাড়িতে একটি ছোট দোকান পরিচালনা করেন। মা স্থানীয় নালাগোলা গার্লস হাইস্কুলের শিক্ষিকা। পরিবারের সদস্যদের উৎসাহ ও শিক্ষকদের অনুপ্রেরণাই তার এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানায় মনিষ। পরিবারে বাবা-মা ছাড়াও রয়েছে এক ভাই ও এক বোন।
ফল প্রকাশের পর থেকেই মনিষদের বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমাতে শুরু করেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকার বাসিন্দারা। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও তার এই কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, মনিষ বরাবরই মেধাবী ও পরিশ্রমী ছাত্র হিসেবে পরিচিত ছিল।
ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে আরও উচ্চশিক্ষা গ্রহণ করে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে মনিষ। তার এই অসাধারণ সাফল্যে অনুপ্রাণিত এলাকার অন্যান্য ছাত্রছাত্রীরাও।

