পরাণপুরে রণক্ষেত্র, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– বিজেপির জয়জয়কারে বিজয়োল্লাস করার সময় বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়ে তাদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার ভোট ঘোষণার ফল প্রকাশের পর এমনই ঘটনাকে ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল মালদার পুখুরিয়া থানার পরাণপুর কালীতলা এলাকা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আক্রান্ত কর্মীদের নিয়ে’ পুখুরিয়া থানার দ্বারস্থ হয়ে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবী জানালেন রতুয়ার বিজেপির পরাজিত প্রার্থী অভিষেক সিংহানিয়া। জানা গেছে, সোমবার ভোটের ফলাফলের নিরীক্ষে মালদার রতুয়া বিধানসভায় বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া পরাজিত হলেও, তার দলের নেতাকর্মীরা রাজ্যে বিজেপির জয়জয়কারের জন্য পুখুরিয়া থানার পরাণপুর কালীতলা এলাকায় বাজি পটকা ফাটিয়ে বিজয়োল্লাস করছিল। আর ঠিক তখনই তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাদের উপর হামলা চালিয়ে তাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি মারধরের হাত থেকে রেহাই পাননি বিজেপির মহিলা কর্মীরাও। ঘটনায় মহিলা-পুরুষ মিলিয়ে ১০-১৫ জন বিজেপি কর্মী আহত হন। এই ঘটনার খবর জানতে পেরেই মঙ্গলবার আক্রান্ত কর্মীদের নিয়ে পুখুরিয়া থানায় যান বিজেপির পরাজিত প্রার্থী অভিষেক সিংহানিয়া। তিনি কার্যত দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ঘটনায় যারা যারা জড়িত রয়েছে তাদের কাউকেই রেয়াত করা হবেনা। পুলিশ প্রশাসন প্রত্যেককে খুঁজে বের করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *