রতুয়ার শিবপুরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত টোটো চালক মিনু মিয়া।
মালদা, নিজস্ব সংবাদদাতা:—- মাটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল টোটো চালকের। এছাড়াও আহত হলেন টোটোর চার-চারজন যাত্রী। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার রতুয়া থানার বাহাড়াল শিবপুর এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত টোটো চালকের নাম মিনু মিয়া। বয়স ৪৮ বছর। বাড়ি বাহাড়ালের বৈকুন্ঠপুর এলাকায়। এদিন সকালের দিকে তিনি বাহাড়াল থেকে চারজন যাত্রীকে নিয়ে অচিনতলা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে বাহাড়ালের শিবপুর এলাকায় জাতীয় সড়কের উপর হঠাৎ করেই একটি মাটি বোঝাই ট্রাক্টর বেপরোয়া গতিতে এসে টোটোর সামনা-সামনি ধাক্কা মারে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই টোটো সহ ট্রাক্টর রাস্তার পাশে উল্টে যায়। তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। টোটো চালক সহ টোটোর চারজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে পাঠান। কিন্তু সেখানে চিকিৎসক টোটো চালক মিনু মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। এবং গুরুতর আহত টোটোর এক যাত্রীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শিবপুর এলাকায় বাহাড়াল-পুখুরিয়া ১৩১নং জাতীয় সড়কে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা কালিন্দ্রী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা এবং সেই মাটি বোঝাই ট্রাক্টরের দাপাদাপির বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। যদিও পরে রতুয়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।

