নির্বাচনী লড়াই থেকে সরে বিজেপিকে সমর্থন KSDC-র, ফালাকাটায় বড় ঘোষণা।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়ে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। শুক্রবার বিকেলে ফালাকাটা ব্লক কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, তারা আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছে এবং বিজেপি কে সমর্থন করছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর উত্তরবঙ্গের একাধিক আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিল KSDC। সেই অনুযায়ী ফালাকাটা বিধানসভা কেন্দ্রেও প্রার্থী মনোনয়ন জমা পড়ে এবং জোরকদমে নির্বাচনী প্রচারও শুরু হয়েছিল। তবে ভোটের ঠিক আগে সংগঠনটি তাদের প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি সুভাষ রায় বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রাপ্ত আশ্বাসকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই তাদের মনোনীত প্রার্থীকে প্রত্যাহারের পাশাপাশি এখন থেকে দলীয় কর্মী-সমর্থকেরা বিজেপির সমর্থনে প্রচারে অংশ নেবেন। এদিনের ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক কমিটির সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক সত্যজিৎ অধিকারী সহ সংগঠনের একাধিক নেতৃত্ব।

