চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোয় মুখর জটেশ্বর।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলার অন্যতম প্রাচীন উৎসব চড়ক পুজো ঘিরে সাজে ওঠে গ্রামবাংলা। এই বিশেষ দিনে ভক্তরা শিবের আরাধনায় মেতে ওঠেন নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে। সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর সাহা পাড়া এলাকায় ধরা পড়ল সেই চিরচেনা উৎসবের ছবি। চৈত্রমাস জুড়ে ভক্তরা শিব, পার্বতী, কালী সহ বিভিন্ন দেবদেবীর রূপে সেজে গ্রাম থেকে গ্রামে ঘুরে শিবের গান পরিবেশন করেন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর সময় এই সেজে ওঠা ভক্তরাই হয়ে ওঠেন উৎসবের মূল আকর্ষণ। তাঁদের ঘিরে জমে ওঠে ভিড়, ছোট থেকে বড় সকলের মধ্যেই দেখা যায় উৎসাহ। এই সময় বিভিন্ন জায়গায় বসে চড়কের মেলা, যা স্থানীয়ভাবে ‘চড়কের মেলা’ নামেই পরিচিত। এদিন শিবের সাজে অংশ নেওয়া সুমন সরকার বলেন, “বেশ কয়েক বছর ধরে আমি চড়ক পুজোর সঙ্গে যুক্ত। অত্যন্ত আনন্দের সঙ্গে এই অংশগ্রহণ করি। আমরা শিব-পর্বতী সেজে বিভিন্ন জায়গায় ঘুরে অর্থ সংগ্রহ করি, সেই অর্থ দিয়েই পুজোর আয়োজন সম্পন্ন হয়।” সময় বদলালেও এই চড়ক পুজোর ঐতিহ্য আজও অটুট। ভক্তি, সংস্কৃতি ও মানুষের একাত্মতায় প্রতি বছরই এই উৎসব নতুন করে জীবন্ত হয়ে ওঠে, বয়ে আনে বাংলার চিরন্তন ঐতিহ্যের বার্তা।

