জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে স্বয়ংক্রিয় ঘণ্টা চালু।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- সময়ের সঙ্গে তাল মিলিয়ে পাল্টেছে অনেক কিছু। এবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে চালু হল স্বয়ংক্রিয় ঘণ্টা ব্যবস্থা। ফলে আর আলাদা করে কোনও কর্মীকে ঘণ্টা বাজানোর দায়িত্ব নিতে হচ্ছে না নির্দিষ্ট সময় অনুযায়ী নিজে থেকেই বেজে উঠছে ঘণ্টা।
সোমবার একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে ওই আধুনিক স্বয়ংক্রিয় ঘণ্টাধ্বনি ব্যবস্থার শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি দেবজিৎ পাল, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, আগে যেখানে অশিক্ষক কর্মচারীরাই ক্লাস শুরু ও শেষের ঘণ্টা বাজাতেন, এখন সেই দায়িত্ব নিয়েছে প্রযুক্তি। প্রার্থনা থেকে শুরু করে প্রতিটি পিরিয়ডের শেষে নির্দিষ্ট সময়ে আপনা-আপনি বেজে উঠছে ঘণ্টা। শুধু তাই নয়, সমধুর কণ্ঠে ক্লাস শুরু ও শেষের নির্দেশও দেওয়া হচ্ছে। পাশাপাশি মিড-ডে মিল গ্রহণ বা প্রার্থনায় অংশগ্রহণের বার্তাও এই ব্যবস্থার মাধ্যমেই জানানো হচ্ছে।এই নতুন উদ্যোগে শিক্ষকদের পাশাপাশি উৎসাহিত ছাত্রছাত্রীরাও। তাঁদের মতে, বিষয়টি যেমন আকর্ষণীয়, তেমনি সময়ানুবর্তিতা বজায় রাখতেও সাহায্য করছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এই ধরনের আধুনিক উদ্যোগের ফলে স্কুলছুটের প্রবণতাও কমবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *