রামনবমী উপলক্ষে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে বের হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাম নবমী উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে বের হল বর্ণাঢ্য শোভাযাত্রা। শুক্রবার বেলা প্রায় ১১টা নাগাদ শহরের কালিতলা এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর তা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা যেমন চৌপথি, বাসস্ট্যান্ড, দত্তপাড়া, হাইস্কুলপাড়া ও নিউমার্কেট পরিক্রমা করে পুনরায় কালিতলাতেই শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ভিড়ে কার্যত উৎসবের আবহ তৈরি হয় গোটা শহর জুড়ে। এদিনের মিছিলে পা মেলান বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়, দলের জেলা সহ-সভাপতি অশোক বর্ধন এবং গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। শোভাযাত্রায় বহু যুবককে হাতে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে অংশ নিতে দেখা যায়, যা নজর কাড়ে সাধারণ মানুষের।
এছাড়াও ডিজের তালে তালে বহু অংশগ্রহণকারীকে নৃত্যে মেতে উঠতে দেখা যায়। ঢাক-ঢোল ও সঙ্গীতের মিশেলে শোভাযাত্রা রঙিন হয়ে ওঠে। রাম নবমী উপলক্ষ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই শোভাযাত্রা দেখতে ভিড় জমান।
তবে শোভাযাত্রার কারণে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে চৌপথি ও বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক নিয়ন্ত্রণে তৎপর থাকে পুলিশ।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা শোভাযাত্রা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। নিরাপত্তার নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হয়। শহর জুড়ে জয় শ্রীরাম ধব্বিতে মুখরিত হয়ে ওঠে গঙ্গারামপুর শহর।

