সাহাপাড়ায় প্রথম রামনবমী, ভক্তি ও উৎসবে মুখর জটেশ্বর।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জটেশ্বরের সাহাপাড়া এলাকায় ইয়ং কালচার ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল রামনবমী।স্থানীয় ইয়ং কালচারাল ইউনিটের উদ্যোগে সাহাপাড়া রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয় শ্রী রামচন্দ্রের পুজোর। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথমবারের মতো এই এলাকায় রামনবমী উপলক্ষে এই ধরনের পূজার আয়োজন করা হল, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শুক্রবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বহু মানুষের সমাগম শুরু হয়। নিয়ম মেনে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় পুজো-পাঠ। ভক্তরা ভগবান রামের আরাধনায় অংশ নিয়ে এলাকার শান্তি ও মঙ্গল কামনা করেন। জানা গিয়েছে, সন্ধ্যার পর প্রসাদ বিতরণের পাশাপাশি নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে এই পুজোকে আরও বৃহৎ আকারে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

