ইউটিউবে মুক্তির পর ভাইরাল “মনের পাখি”l
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- উত্তরবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেবাশিষ পালের নতুন গান “মনের পাখি” গত ২০ মার্চ, শুক্রবার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে। শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। রোমান্টিকতা ও বিচ্ছেদের আবেগে ভরপুর এই গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন স্বয়ং দেবাশিষ পাল। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সুরজ, যার আধুনিক সাউন্ড গানের আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রিমি ও দেবাশিষ নিজে, যা গানের আবেগঘন গল্পকে পর্দায় জীবন্ত করে তুলেছে। ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন ধীরাজ রায়। উত্তরবঙ্গের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হওয়ায় ভিডিওটি ভিজ্যুয়াল দিক থেকেও আকর্ষণীয় হয়ে উঠেছে। গানটি প্রকাশের পর থেকেই দর্শকমহলে ইতিবাচক সাড়া মিলছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শেয়ার ও কমেন্টের সংখ্যা দ্রুত বাড়ছে। উল্লেখ্য, এর আগেও উত্তরবঙ্গের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনকে কেন্দ্র করে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন দেবাশিষ পাল। “মনের পাখি” সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন হিসেবে সংগীত প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেবে বলেই মনে করা হচ্ছে।

