অর্পিতা ঘোষকে প্রার্থী ঘোষণা, বালুরঘাটে উচ্ছ্বাস তুঙ্গে।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিকেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার পরেই নির্বাচনী উত্তেজনায় ফুটছে দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তথা প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের নাম ঘোষিত হতেই খুশির হাওয়া এলাকায়।
বিকেল ঠিক ৫টা নাগাদ বালুরঘাটের কলেজপাড়ায় তৃণমূলের প্রধান নির্বাচনী কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য দলীয় কর্মী ও সমর্থক। প্রিয় নেত্রীর নাম প্রার্থী হিসেবে নিশ্চিত হতেই শুরু হয় উল্লাস। উপস্থিত কর্মীরা অর্পিতা ঘোষকে পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে বরণ করে নেন। একে অপরকে মিষ্টি খাইয়ে মুখরোচক মেজাজে জয়ের আগাম শুভেচ্ছা বিনিময় করেন তারা।
রাজ্য রাজনীতির পরিচিত মুখ অর্পিতা ঘোষের ওপর দল ফের ভরসা রাখায় উচ্ছ্বসিত তৃণমূল শিবির। প্রার্থীর উপস্থিতিতেই কলেজপাড়ার মোড়ে চলে আবির খেলা ও স্লোগান। সব মিলিয়ে প্রার্থী তালিকা প্রকাশের দিনেই বালুরঘাটে প্রচারের পারদ চড়তে শুরু করেছে।

