দেওয়াল লিখনে চাঙ্গা সংগঠন, কুশমন্ডিতে রাজনৈতিক উত্তাপ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। নির্বাচনকে সামনে রেখে কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস।
দলীয় কর্মী-সমর্থকেরা ইতিমধ্যেই করঞ্জি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম ও গুরুত্বপূর্ণ মোড়ে ঘাসফুলের প্রতীক ও বিভিন্ন স্লোগান লিখে নির্বাচনী প্রচার শুরু করেছেন। রাতের দিকেও কর্মীদের দেওয়াল লিখনের কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা গিয়েছে, প্রথম দফায় আগামী ২৩ তারিখে দক্ষিণ দিনাজপুর জেলার ৩৭ নম্বর বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই নির্বাচনকে সামনে রেখে কুশমন্ডি ব্লকে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না ঘাসফুল শিবির।
এ প্রসঙ্গে কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কৃষি কর্মাধ্যক্ষ রেজার আব্বাস বলেন, “নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই আমরা সংগঠনকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছি। দেওয়াল লিখনের মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রার্থী ঘোষণা হলে আরও জোরকদমে প্রচার শুরু হবে।”
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দিন যত এগিয়ে আসবে ততই জেলার বিভিন্ন এলাকায় সব রাজনৈতিক দলের প্রচার তত বাড়বে। ইতিমধ্যেই দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ের প্রাথমিক ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে কুশমন্ডির বিভিন্ন এলাকায়।

