ব্রিগেডে যাওয়ার পথে বাসে ভাঙচুর, রাজনৈতিক উত্তেজনা পশ্চিম মেদিনীপুরে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাসে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় বাসের একাধিক কাঁচ ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি বেসরকারি রুটের বাস রওনা দেয়। বাসটি আহার মুন্ডা এলাকার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক বাইকে করে এসে বাসটিকে আটকে দেয়। তারা বাসের চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে।

চালক ব্রিগেডে বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, দুষ্কৃতীরা বাসের কাঁচ ভেঙে দেয় এবং চালক ও খালাসীকেও মারধর করা হয়, ফলে তাদের হাতেও আঘাত লাগে। পরিস্থিতি বেগতিক বুঝে চালক দ্রুত বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা গেছে।

ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ব্রিগেড সমাবেশে যাওয়া আটকাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *