ফালাকাটার হেদায়েতনগরে ভয়াবহ দুর্ঘটনা, ভেঙে পড়ল মুজনাই নদীর সেতু—যোগাযোগ বিচ্ছিন্ন জটেশ্বর–পাঁচ মাইল।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার বিকেলে ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েতনগর এলাকার মুজনাই নদীর উপর নির্মিত একটি পুরনো সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটে। বালি বোঝাই একটি ডাম্পার ওই সেতুর উপর ওঠার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। ঘটনায় সেতুটি সম্পূর্ণভাবে দু’টুকরো হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল প্রায় ৫টা নাগাদ ডাম্পারটি সেতুর উপর ওঠার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে সেতুটি ভেঙে পড়ে। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে আশপাশের মানুষজন ছুটে আসেন ঘটনাস্থলে। সৌভাগ্যবশত, চালক কোনওক্রমে ডাম্পার থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফালাকাটা থানার আইসি প্রশান্ত বিশ্বাস, জটেশ্বর পুলিশ ফাঁড়ির ওসি দেবাশীষ রঞ্জন দেব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিকে ওই পাকা সেতুটি ভেঙে পড়ায় জটেশ্বর থেকে পাঁচ মাইল যাওয়ার সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে সমস্যায় পড়বেন ওই দুই জনপদের কয়েক হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *