সাজেশন বক্সে মানুষের মতামত নেবে বিজেপি, মহিলাদের নিরাপত্তা ও কর্মসংস্থানের দাবি উঠে এল বালুরঘাটে।
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের আগে মানুষের মতামত জানতে সাজেশন বক্স। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সাজেশন বক্সের সূচনা করলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী।
এই ঘটনাকে নাটক বলে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।
সামনেই ভোট, এবার ভোটমুখী বাংলার মানুষের মন বুঝতে সাজেশন বক্সের উদ্বোধন বালুরঘাটে। বালুরঘাট পৌরসভার কাছে এই সাজেশন বক্স উদ্বোধন করা হয়। বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে এই সাজেশন বক্স রাখা হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, এলাকার সমস্যা থেকে শুরু করে আরো কি হলে ভালো হবে বাংলার, সেটা জানতেই এমন উদ্যোগ বিজেপির। তার দাবী, বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে। এতদিন তৃণমূল সরকার মানুষকে গুরুত্ব দেয়নি। বিজেপি সরকারে এলে মানুষের মতামত অনুযায়ী কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হবে, জনগণ কি চায় তা জানতেই তাদের মতামত নেওয়া হচ্ছে।
এদিন এই সাজেশন বক্সে মহিলাদের সাজেশন ড্রপ করতে দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা সুরক্ষার দাবি করেছেন। পাশাপাশি, উন্নত শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ইত্যাদির দাবি করেছেন তাদের মতামতে। এমনকি নির্ভয়ে যাতে ভোট দেওয়া যায়, তার সুব্যবস্থাও চেয়েছেন অনেকে।
বিজেপির সাজেশন বক্সকে কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। তৃনমূলের বালুরঘাট শহর সভাপতি সুভাষ চাকী বলেন, এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকতে রাস্তায় নেমেছেন। চোদ্দ সাল থেকে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় রয়েছে। সাধারণ মানুষের প্রধান দাবি অন্ন বস্ত্র বাসস্থান। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। সেই ঘটনায় ভয় পেয়ে বিজেপি সাজেশন বক্স নিয়ে এসেছে মানুষের কাছে। তিনি জানান, নির্বাচনের আগে এটা বিজেপির একটা নাটক।

