মানুষের পাশে চিকিৎসকরা: লালগোলায় একদিনের বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে জনসমুদ্র।

লালগোলা, নিজস্ব সংবাদদাতা :- লালগোলার সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে প্রশংসনীয় উদ্যোগ নিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ও সমাজসেবী ডঃ আব্দুল আজিজ। তাঁর তত্ত্বাবধানে লালগোলায় একদিনের ফ্রি মেডিকেল হেল্প ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে অভিজ্ঞ পাঁচ জন চিকিৎসক উপস্থিত থেকে ছোট থেকে বড় সকল রোগীর বিনামূল্যে চিকিৎসা করেন।
আমরা সকলেই জানি, বর্তমান সময়ে বিভিন্ন রোগের চিকিৎসা করাতে গিয়ে সাধারণ মানুষের বিপুল আর্থিক খরচ বহন করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ডঃ আব্দুল আজিজের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। চিকিৎসার পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডঃ আব্দুল আজিজ, ডঃ মাসুদা খাতুন, ডঃ মতিউর রহমান, ডঃ সাকিরুল ইসলাম ও ডঃ রুহুল আমিন। বিভিন্ন বয়সের অসংখ্য মানুষ এদিন এই শিবিরে চিকিৎসা করাতে আসেন। সকাল থেকেই মেডিকেল ক্যাম্পে জনসাধারণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
ডঃ আব্দুল আজিজ জানান, লালগোলার অনেক প্রত্যন্ত এলাকার মানুষ এখনও উন্নতমানের চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। সেই কথা মাথায় রেখেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী দিনেও এই ধরনের পরিষেবা চালু রাখার আশ্বাস দেন তিনি।
এই উদ্যোগে খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *