ফর্ম সেভেন বিতর্কে বালুরঘাটে উত্তেজনা, এসডিও দপ্তরে তৃণমূলের বিক্ষোভ ও ডেপুটেশন।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা : – ফর্ম সেভেন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বালুরঘাট সদর মহকুমা শাসকের দপ্তরে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও ফর্ম জমা নেওয়া হচ্ছে—এই অভিযোগ তুলে সোমবার বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মনের কাছে ডেপুটেশন দেওয়া হয়। সেই সঙ্গে দপ্তর চত্বরে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মী-সমর্থকেরা।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরেও ফর্ম সেভেন জমা নেওয়া হচ্ছিল, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। বিক্ষোভকারীদের দাবি, একজন ব্যক্তি কেবলমাত্র একটি ফর্ম সেভেনই জমা দিতে পারেন। পরিবারের একাধিক সদস্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা আলাদা আলাদা ফর্ম জমা দিতে পারেন, কিন্তু কোনও একজন ব্যক্তি একসঙ্গে একাধিক ফর্ম সেভেন জমা দিতে পারেন না।
অন্যদিকে, বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ তোলা হয়েছে। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধা দেওয়ার কারণেই নির্দিষ্ট সময়ের মধ্যে বহু মানুষ ফর্ম সেভেন জমা দিতে পারেননি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য মোর্চার ওবিসি সেলের সভাপতি শুভেন্দু সরকার জানান, বিষয়টি তিনি রাজ্য নেতৃত্বের নজরে এনেছেন।
ফর্ম সেভেন জমা নিয়ে শাসক ও বিরোধী দলের এই তরজা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *