মণ্ডল কমিশনের নিয়ম না মানার অভিযোগে বালুরঘাটে বিজেপির ওবিসি মোর্চার বিক্ষোভ।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ওবিসি শংসাপত্র প্রদানের ক্ষেত্রে মণ্ডল কমিশনের নিয়ম মানা হচ্ছে না—এই অভিযোগ তুলে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলাশাসক দপ্তর ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন বালুরঘাট বিজেপি কার্যালয় থেকে ভারতীয় জনতা ওবিসি মোর্চার কর্মী-সমর্থকেরা মিছিল করে জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছান এবং সেখানে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাশাসক দপ্তর চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্যে ওবিসি শংসাপত্র প্রদানের ক্ষেত্রে মণ্ডল কমিশনের সুপারিশ ও সংবিধানসম্মত নিয়ম উপেক্ষা করে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী। এই নীতির ফলে প্রকৃত ওবিসি সম্প্রদায়ের মানুষ বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন বিজেপি নেতৃত্ব।
এই বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকার, বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, জেলা ওবিসি মোর্চার সভাপতি অভিষেক বসাক, তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুধরাই টুডু সহ বিজেপির একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মণ্ডল কমিশনের নিয়ম মেনে ওবিসি শংসাপত্র প্রদান না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *