মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগানে মুখর গঙ্গারামপুর, পথে নামল বামফ্রন্ট।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভেনেজুয়েলার উপর মার্কিন আগ্রাসনের প্রতিবাদে গঙ্গারামপুরে বামফ্রন্টের মিছিল
ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন এবং সস্ত্রীক সে দেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অপহরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ জানিয়ে গঙ্গারামপুরে মিছিল করল বামফ্রন্ট। বুধবার বিকেল পাঁচটা নাগাদ গঙ্গারামপুর শহরের শপিং প্লাজার সামনে থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি গঙ্গারামপুর বাসস্ট্যান্ড, দত্তপাড়া, বসাকপাড়া মোড়, নিউমার্কেট, থানা মোড় এবং ভ্রাতৃ স্পোর্টিং ক্লাব এলাকা পরিক্রমা করে চৌপথিতে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে স্লোগান তোলেন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সরব হন। বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন হস্তক্ষেপ গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থী। ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক জীবন সরকার, সিপিআই নেতা সুভাষ ঘোষ, আরএসপি নেতা নারায়ণ সরকার সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। নেতৃত্বরা স্পষ্ট জানান, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে বামপন্থীরা রাস্তায় থেকেই লড়াই চালিয়ে যাবেন।

