আলোচনা ছাড়াই কমিটি গঠনের অভিযোগ, বালুরঘাট টাউন মহিলা তৃণমূলে ক্ষোভ।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন সাংগঠনিক কমিটি ঘোষণা হতেই বালুরঘাট টাউন কমিটিকে ঘিরে দলের অন্দরে অসন্তোষ দানা বাঁধে। বৃহস্পতিবার জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম জেলা, ব্লক, টাউন ও অঞ্চল স্তরের কমিটির নাম ঘোষণা করেন। কিন্তু সেই ঘোষণার পরই একাংশ মহিলা তৃণমূল নেত্রীর মধ্যে ক্ষোভ প্রকাশ পেতে শুরু করে।
বিক্ষুব্ধ নেত্রীদের অভিযোগ, বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটি গঠনের ক্ষেত্রে কোনওরকম আলোচনা বা মতামত নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা একাধিক নেত্রীকে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি বলেও দাবি তাঁদের।
এই পরিস্থিতিতে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠকের পর বালুরঘাট পুরসভার সুবর্ণতট এলাকায় টাউন তৃণমূল নেতৃত্বের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম, বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী গীতা দেব, বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি সহ দলের অন্যান্য নেতৃত্ব।
তবে বৈঠকের পরেও নতুন ঘোষিত টাউন মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি মানতে নারাজ রয়েছেন বিক্ষুব্ধ নেত্রীরা, ফলে সংগঠনের অন্দরে অস্বস্তি আরও বেড়েছে।

