মালদায় মাদক বিরোধী অভিযানে সাফল্য, বিহার-বাংলা করিডোরে পুলিশের হাতে ধরা দুই পাচারকারী।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —-মাদক পাচার চক্রে বৈষ্ণবনগর থানার পুলিশ ফের এক বড় সাফল্য অর্জন করল। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৩০ লক্ষ টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার সহ১৭ মাইল এলাকা থেকে দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করলো ।
ধৃতদের মধ্যে একজন হলো বিহারের ভাগলপুরের বাসিন্দা শুভম কুমার এবং অপরজন কালিয়াচক থানা এলাকার সিলামপুরের বাসিন্দা রাকিব শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহকে করিডোর করে বিহার ও বাংলার মধ্যে মাদক পাচার চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয়। শুভম কুমার মূলত রাকিব শেখের কাছ থেকে ওই মাদক সংগ্রহ করতে এসেছিল। মাদক হাত বদলের ঠিক মুহূর্তে বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুকান্ত শিকদার উপস্থিত ছিলেন এবং তাঁর উপস্থিতিতেই বাজেয়াপ্ত করা হয় ৩০০ গ্রাম মাদক। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করা হচ্ছে। এই সফল অভিযান মালদহ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখল।
উল্লেখ্য, মাত্র গত সপ্তাহেই মালদহ জেলা পুলিশ ৩৯ কোটিরও বেশি মূল্যের ৩৯ কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে তিনজনকে গ্রেপ্তার করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৈষ্ণবনগরে ফের এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও, মাদক কারবারিদের গতিবিধি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহ সীমান্ত এলাকা ব্যবহার করে যাতে কোনোভাবেই মাদক পাচার না হতে পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে জেলা পুলিশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *