পুজো মন্ডপে সামাজিক বার্তা—পুষ্টি খাদ্য বিতরণ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা কর্মসূচি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে সংকেত এবং ছাত্র সংঘ আয়োজিত দুর্গোৎসবের প্রাঙ্গণ হতে সারা কোলাঘাট ব্লকের সরকারীভাবে চিকিৎসাধীন যক্ষ্মা রোগিদের জন্য একমাসের পুষ্টি খাদ্য বিতরণ করা হল বৃহস্পতিবার। এই সংকেত ক্লাবের সাথে জেলা স্বাস্থ্য দফতরের এই মর্মে মৌ স্বাক্ষর হয়েছে যে, এই বছর পুজোর মাস থেকে আগামী বছর পুজোর মাস পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের সরকারীভাবে চিকিৎসাধীন যক্ষ্মা রোগিদের পুষ্টি খাদ্য বিতরণ করা হবে সংস্থার উদ্যোগে।
এটি ” জাতীয় নিক্ষয় মিত্র” কর্মসূচির অঙ্গ বলে জেলার
ডিটিও ডঃ শুভব্রত বাগ জানিয়েছেন।
এদিন উপস্থিত ছিলেন জেলা মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ বিভাস রায়, কোলাঘাট ব্লক উন্নয়ন আধিকারিক অর্ঘ্য ঘোষ,
ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সাম্বা ভৌমিক, পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না প্রমুখ ব্যক্তিবর্গ।
পুজো কমিটির অন্যতম ডঃ শ্যামল আদক জানিয়েছেন,
আমরা এই খাদ্যসামগ্রীর মধ্যে রেখেছি সরিষার তেল, মুসুর ডাল, ছোলা, সোয়াবিন, সুজি, খেঁজুর ইত্যাদি। আমরা সংস্থার উদ্যোগে সারাবছর ধরে আর্ত দুঃস্থদের সেবায় যে বহুমুখী কর্মসূচি বাস্তবায়িত করার চেষ্টা করি তারই অঙ্গ স্বরূপ আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। পুজোর সবকিছু বজায় রেখেই আমরা এই বছর থেকে আগামী বছর পুজোর মাস পর্যন্ত জেলা স্বাস্থ্য দফতরের তালিকা ও পরামর্শ মত এই পুষ্টি খাদ্য বিতরণ করার চেষ্টা করব।
জেলা স্বাস্থ্য দফতরের মূখ্য আধিকারিক ডঃ বিভাস ভৌমিক এই উদ্যোগের ভূয়সী প্রসংশা করে বলেন, আগামীদিনে এই ধরনের উদ্যোগ আরো বিভিন্ন সংস্থা গ্রহণ করলে খুবই ভালো হবে‌।
উৎসবের কদিন এই প্রাঙ্গণে বাল্য বিবাহ প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধে, পণ প্রথার বিরুদ্ধে, প্লাস্টিক দূষণ রোধে, পথ নিরাপত্তা নিয়ে কুইজ, বসে আঁকো, পদযাত্রা, সেমিনার, বক্তব্য প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
এই বৎসর ৫৩ তম বর্ষে এই শারদোৎসবের উদ্বোধন করেন বৃহন্নলা সমাজের প্রতিনিধি এবং সরকারি মহিলা স্বাস্থ্যকর্মীবৃন্দ। যে উদ্বোধন অনুষ্ঠান বহু মানুষের প্রসংশা আদায় করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *