বালুরঘাটে শুরু গৌড়ীয় মঠের ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা, ভক্তিময় পরিবেশে ভাসছে শহর।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটের ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে বেলতলা পার্ক এলাকার শ্রীপুন্ডরিক গৌড়ীয় মঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা। রাধা কৃষ্ণের সুসজ্জিত দোলনা, দিনভর শ্রীকৃষ্ণ সংকীর্তন এবং নানা ধর্মীয় অনুষ্ঠানে ভরে উঠেছে মঠের প্রাঙ্গণ। সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব চলবে জন্মাষ্টমী পর্যন্ত।
প্রতিবছরের মতো এবারও মঠে সুশৃঙ্খলভাবে চলছে ঝুলনযাত্রা। শতাধিক ভক্ত প্রতিদিন ভিড় করছেন। ছোট থেকে বড়—সবাই ঝুলনের দড়িতে টান দিচ্ছেন রাধাকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার আশায়। সেখানে যান বালুরঘাট এর বিধায়ক অশোক লাহিড়ীউ। তিনি গোটা ঝুলন প্রাংগন পরিদর্শন করেন,এবং ঘুড়ে দেখেন মেলা প্রাংগন। নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কে পুলিশের নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের এই মেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলগুলি থেকেও প্রচুর মানুষ উপস্থিত হচ্ছেন।
মঠের প্রাঙ্গণে সাজানো হয়েছে কৃষ্ণের জীবনের বিভিন্ন পর্ব ফুটিয়ে তোলা প্রতিমা ও দৃশ্যাবলি। মহাভারতের বিভিন্ন অধ্যায়ও এখানে তুলে ধরা হয়েছে। প্রতিদিন শহর ও গ্রাম মিলিয়ে বহু মানুষ এই দৃশ্য দেখতে মঠে আসছেন।
মেলায় বসেছে অস্থায়ী দোকানের পসরা। স্থানীয় ও বাইরের ব্যবসায়ীরা এসেছেন মনোহারী সামগ্রী, ফটো ফ্রেম, অলংকার, প্লাস্টিক ও স্টিলের জিনিস নিয়ে। অনেক বিক্রেতারই মতে, দিনে গড়ে দেড় থেকে আড়াই হাজার টাকার বিক্রি হচ্ছে।
ধর্মীয় আবেগ ও মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অপূর্ব পরিবেশ। ঝুলনের এই উৎসবকে ঘিরে বালুরঘাটবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বহু বছরের ঐতিহ্য বহনকারী এই মেলা বালুরঘাটের মানুষের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

