দুর্গার মেলা দেখতে গিয়ে সর্বস্বান্ত দুই পরিবার, শর্ট সার্কিট থেকে আগুন লাগার অনুমান।
মালদা, নিজস্বসংবাদদাতা:– আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুই ভাইয়ের বাড়ি। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর–১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর গ্রামে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে হারাধন থোখদার ও পল্লব থোকদারের বাড়ি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে হারাধনের পরিবারের সদস্যরা চাঁচলে দুর্গার মেলা দেখতে গিয়েছিলেন। সন্ধ্যায় তাঁদের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে ঘর। আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল কেন্দ্রে। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই দুই ভাইয়ের বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে থাকা আসবাবপত্র, শস্য, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ টাকা পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই উদ্ধার করতে পারেননি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আগুনে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন দুই পরিবার।

