SIR-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ, গোয়ালপোখরে পথে আজাদ হিন্দ মঞ্চ।
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লক চত্বর উত্তাল! নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে পথে নামল আজাদ হিন্দ মঞ্চ।
চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ ওরফে ভিক্টরের নেতৃত্বে এই আন্দোলন হয়। মূলত SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষদের নিয়ে সরব হন আন্দোলনকারীরা।
ভিক্টরের দাবি, গোয়ালপোখর বিধানসভা এলাকাতেই প্রায় ৩২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার এবং রাজ্যে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার দাবি করেন তিনি।
এদিন গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানীকেও কটাক্ষ করেন ভিক্টর। তাঁর প্রশ্ন, মানুষের ভোটে জিতে বিধায়ক হওয়ার পর এই পরিস্থিতিতে তিনি কোথায়?
শুধু তাই নয়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষদের সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা নিয়েও সরব হন তিনি।
ভিক্টরের দাবি, অনেকের বিষয়টি এখনও আদালত বা ট্রাইবুনালে বিচারাধীন। তাই বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয়।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি এবং বাদ পড়া ভোটারদের দ্রুত সমাধানের দাবিতে গোয়ালপোখরে এই আন্দোলন ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

