২৪ দিনেই মালদা মেডিকেলে ৫৫ শিশুর মৃত্যু, ৩৫ জনই অপুষ্ট ছিল বলে দাবি কর্তৃপক্ষের।
মালদা, নিজস্ব সংবাদদাতা : – ফের শিশুমৃত্যু নিয়ে উদবেগ মালদা মেডিকেলে। চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫জন শিশুর। একই দিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৫ জনের। এর পেছনে অপুষ্টি ও নাবালিকা অবস্থায় গর্ভবতী হওয়াকেই দায়ী করছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, অগাস্ট মাসে ২৭ তারিখ পর্যন্ত মালদা মেডিকেলে মৃত্যু হয়েছিল ৮৯টি শিশুর৷ অবশেষে গত ২৯ অগাস্ট শিশুমৃত্যুর তদন্তে মালদা মেডিকেলে আসে স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল। ৫ সেপ্টেম্বর মালদা মেডিকেলের সুপার সহ শিশু বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশিকা জারি করে স্বাস্থ্যভবন। মেডিকেল সুপারের দায়িত্ব দেওয়া হয় মালদা মেডিকেলেরই ইএনটি বিভাগের প্রধান গণেশচন্দ্র গাইনকে। শিশুমৃত্যুর হার কমাতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়।
তারপরে গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও চলতি মাসেও ৫৫ জন শিশুর মৃত্যু হয়েছে। মেডিকেল সুপার গণেশচন্দ্র গাইন জানান, চলতি মাসে এখনও পর্যন্ত ৫৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তারমধ্যে ৩৫ জন শিশু অপুষ্ট ছিল। নাবালিকা অবস্থাতেই গর্ভবতী হয়ে পড়ার কারণের অপুষ্ট শিশুর জন্ম হওয়ার ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে সামনে আসে।

