একটানা বৃষ্টিতে ধস, চন্দ্রকোনায় ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি।
পশ্চিম, নিজস্ব সংবাদদাতা:- একটানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির তৈরি দোতলা বাড়ি! অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের পূর্বপাড়ায়।
জানা গিয়েছে, লাগাতার বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ার ফলেই আচমকা বাড়িটিতে ধস নামে। বিপদ আঁচ করতে পেরে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। আর তার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা মাটির দোতলা বাড়িটি।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র-সহ ঘরের সমস্ত প্রয়োজনীয় সামগ্রী। তবে পরিবারের সদস্যরা সময়মতো বাড়ি থেকে বেরিয়ে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বাড়ি হারিয়ে এখন চরম দুর্ভোগের মধ্যে আবসাকুল্লা খান ও তাঁর পরিবার। প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

