দ্বিতীয়বার সাপ উদ্ধার করতে গিয়ে বিপদ, ছোবলে মৃত্যু তপন সিংহের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম তপন সিংহ (৫৪)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া এলাকায়। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর সদরের কুকুরমুড়ি এলাকায় সাপ উদ্ধার করতে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কুকুরমুড়ি এলাকার এক গৃহস্থের বাড়িতে সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী তপন সিংহকে। তিনি ঘটনাস্থলে গিয়ে একটি সাপ উদ্ধার করে নিয়ে আসেন। পরে সন্ধ্যার দিকে ওই বাড়িতেই ফের একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে দ্বিতীয়বার সাপটি উদ্ধার করতে যান তপনবাবু। সাপটি উদ্ধারের সময় আচমকাই তাঁর হাতে ছোবল মারে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাপটি উদ্ধার করে একটি জারের মধ্যে ঢোকানোর সময়ই ছোবল মারে বলে দাবি করা হচ্ছে।
অভিযোগ, ছোবল খাওয়ার পর তপনবাবু বাড়ি ফিরে কাউকে বিষয়টি জানাননি। এরপর তিনি ঘুমিয়ে পড়েন। রাতের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। তড়িঘড়ি তাঁকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের একাংশের দাবি, সাপ উদ্ধারের সময় তপনবাবুর হাতে গ্লাভস ছিল না। পাশাপাশি সামাজিক মাধ্যমে রিলস তৈরির জন্য ভিডিওতে বক্তব্য দিতে গিয়ে সাপের দিকে নজর কিছুটা সরে যাওয়াও বিপদের কারণ হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। সাপের ছোবলের পর দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়া এবং সাপটিকে ধরার বা ছোঁয়ার চেষ্টা না করার বিষয়েও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *