‘রাশ’ দখল নিয়ে বিবাদ, হামলার অভিযোগ; নান্দাইয়ে বন্ধ হল ঐতিহ্যবাহী ঝুলনযাত্রা।
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- মারপিটের জেরে বন্ধ হয়ে গেল কালনা ১ নম্বর ব্লকের নান্দাই এলাকার ঝুলনযাত্রা। বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই যেখানে ঝুলন দেখতে মানুষের ভিড়ে জমজমাট থাকার কথা, সেখানে আচমকাই নেমে এল নীরবতা। অন্ধকারে ডুবে রইল গোটা মণ্ডপ চত্বর। দূরদূরান্ত থেকে ঝুলন দেখতে আসা বহু মানুষ মণ্ডপে পৌঁছেও ঝুলনযাত্রা দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হন।
অভিযোগ, ঝুলনের ‘রাশ’ কার দখলে থাকবে, তা নিয়ে বিবাদের জেরেই বৃহস্পতিবার গভীর রাতে কালীতলা ঝুলন কমিটির সেক্রেটারি ও তাঁর পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনায় তিনজন আহত হন। আহতরা হলেন সত্যব্রত দেবনাথ, দেবব্রত দেবনাথ ও মৌমিতা দেবনাথ। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।
আক্রান্তদের পক্ষ থেকে কালনা থানায় ৯ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এক আক্রান্তের অভিযোগ, ঝুলনযাত্রা শেষ করে তাঁরা বাড়ি ফেরার সময় অভিযুক্তরা মদ্যপ অবস্থায় তাঁদের উপর হামলা চালান। মারধরের পাশাপাশি তাঁর ভাইয়ের গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া, তাঁর ভাইয়ের স্ত্রীকে শ্লীলতাহানি এবং টাকা-পয়সা কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
ঘটনার পরই কালনা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্ত পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
প্রতিবছর নান্দাই এলাকায় ঝুলনযাত্রাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়। বিভিন্ন ঝুলন কমিটির আয়োজন দেখতে বহু দূর থেকে মানুষজন ভিড় করেন। কিন্তু এবছর উৎসবের মধ্যেই সংঘর্ষের ঘটনায় সেই আনন্দে ছেদ পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝুলনযাত্রা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ উৎসব কমিটির সদস্য থেকে শুরু করে দর্শনার্থীরা।
মণ্ডপে আলো নেই, নেই দর্শনার্থীদের ভিড়—যে জায়গায় সন্ধ্যার পর উৎসবের আনন্দে মুখরিত হওয়ার কথা, সেখানেই এখন নেমে এসেছে অন্ধকার। ঝুলন দেখতে এসে ফিরে যেতে হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বহু দর্শনার্থী। এখন পুলিশের তদন্তের দিকে তাকিয়ে এলাকাবাসী। পরিস্থিতি স্বাভাবিক হয়ে কবে ফের ঝুলনযাত্রা শুরু হবে, সেই অপেক্ষাতেই উৎসবপ্রেমীরা।

