অনাস্থার পর নতুন সমীকরণ, সামসী পঞ্চায়েতে প্রধান নির্বাচিত টুম্পা সরকার।
মালদা, নিজস্ব সংবাদদাতা: — মালদার সামসী গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের আগের প্রধানকে অপসারণ করে নতুন প্রধান গঠন করল তৃণমূল। নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের টুম্পা সরকার। বুধবার প্রধান নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চায়েত দপ্তরে ছিল কড়া পুলিশি নিরাপত্তা।২৯ আসনবিশিষ্ট সামসী গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ১৭ জন এবং কংগ্রেসের ১ জন সদস্যের সমর্থনে মোট ১৮টি ভোট পেয়ে প্রধান নির্বাচিত হন টুম্পা সরকার।উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৯টি, কংগ্রেস ৬টি, বিজেপি ৩টি এবং নির্দল প্রার্থী একটি আসনে জয়ী হয়েছিলেন। তৃণমূলের মনীষা দাস প্রধান নির্বাচিত হলেও তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। গত ২০ জুলাই অনুষ্ঠিত তলবি সভায় উপস্থিত ১৫ জন সদস্যই তাকে অপসারণের পক্ষে ভোট দেন।এরপর বুধবার নতুন প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হ্য়। নতুন প্রধান নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের টুম্পা সরকার। তিনি বলেন, সামসী গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানই তার প্রধান লক্ষ্য।

