বেলঘড়িয়ায় এক রাতে পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ-সোনার গয়না লুটে আতঙ্ক ।

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- গত ১৮ জুলাই, শনিবার ভোররাতে, উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার নন্দননগর-নেতাজীপল্লী এলাকায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, গভীর রাতে লোহার গ্রিল ও গেটের তালা ভেঙে বাড়িতে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
প্রথম ঘটনাটি ঘটে চন্দন বোসের বাড়িতে। পরিবারের অভিযোগ, রাত দুটোর পর রান্নাঘরের লোহার গ্রিল ভেঙে ঘরে ঢুকে আলমারির চাবি বের করে প্রায় ৪০ হাজার টাকা নগদ এবং সোনার গয়না প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকার সোনার গয়না নিয়ে পালিয়ে যায় চোর। সকালে ঘুম ভাঙতেই ঘর লন্ডভন্ড অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাদের দাবি, চোরেরা সম্ভবত ঘুমের ওষুধ স্প্রে করে এই চুরি করেছে।
এরপর একই এলাকায় স্বপন ডাকুয়ার বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, লোহার গেটের তালা খুলে ঘরে ঢুকে দুটি আলমারি থেকে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা নগদ এবং আনুমানিক ১৭ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। এখানেও অভিযোগ চোর ঘুমের ওষুধ স্প্রে করে এই দুঃসাহসিক চুরি করে।পাশের ঘরেও ঢুকেছিল চোর, কিন্তু পরিবারের এক সদস্য টের পেয়ে গেলে বাইরে থেকে দরজা বন্ধ করে দ্রুত পালিয়ে যায় তারা।
দুই পরিবারের পক্ষ থেকেই বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি ধরা পড়েছে এবং সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে অভিযোগ এখনও পর্যন্ত চোরের কোনও হদিশ মেলেনি।
অভিযোগকারী পরিবারের আরও দাবি, এই চুরির ঘটনায় এলাকার পরিচিত বা জানাশোনা কারও যোগ থাকতে পারে। তাদের অভিযোগ, বাড়ির ভিতরের অবস্থান, আলমারির অবস্থান এবং পরিবারের গতিবিধি সম্পর্কে আগে থেকেই সব তথ্য জেনেশুনেই চোরেরা পরিকল্পনা করে এসেছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও পুলিশিভাবে নিশ্চিত করা হয়নি।
এক রাতে পরপর দুই বাড়িতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।বহু বছরের সঞ্চয় হারিয়ে দিশেহারা দুই পরিবার। এখন পরিবারের পক্ষ থেকে একটাই দাবি— দ্রুত দোষীদের গ্রেফতার করে চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করুক পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *