ত্রাণ বিতরণে গিয়ে এমএলএ প্রতিনিধিদের উপর হামলার অভিযোগ, উত্তেজনা চাঙ্গুয়ালের কুমোরপাড়ায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার চাঙ্গুয়াল অঞ্চলের রেশমি ৬ নম্বর ইউনিট সংলগ্ন কুমোরপাড়া গ্রামে টানা কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলমগ্ন হয়ে পড়ে একাধিক বাড়ি এবং ব্যাহত হয় এলাকার যোগাযোগ ব্যবস্থা।
অভিযোগ অনুযায়ী, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে গত পরশু পিডাব্লিউডি ও প্রশাসনের উদ্যোগে বেআইনিভাবে বন্ধ করে রাখা নয়নজুলির একটি অংশ কেটে জলনিকাশির ব্যবস্থা করা হয়। এর ফলে দ্রুত জল নেমে যায় এবং এলাকাবাসী স্বস্তি পান।
শুক্রবার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে এলাকায় যান এমএলএর প্রতিনিধিরা। সেই সময় অভিযোগ, বেআইনিভাবে নির্মিত একটি বাড়ির মালিক এক দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এমএলএর প্রতিনিধিদের উপর হামলা চালায়। পাশাপাশি সংশ্লিষ্ট এমএলএকে লক্ষ্য করে অপপ্রচারও করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *