মুখ্যমন্ত্রীর নির্দেশে পাঁশকুড়া পৌরসভায় পুলিশের তল্লাশি, খতিয়ে দেখা হল ২৯ বছরের জন্ম-মৃত্যুর নথি।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর নির্দেশে জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথির তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। সেই নির্দেশের ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তদন্তের পাশাপাশি বৃহস্পতিবার পাঁশকুড়া পৌরসভার জন্ম ও মৃত্যু শংসাপত্র বিভাগে ব্যাপক তল্লাশি চালায় পাঁশকুড়া থানার পুলিশ।
জানা গিয়েছে, প্রায় চার ঘণ্টা ধরে চলে এই তদন্ত ও নথি যাচাইয়ের কাজ। তদন্তে ১৯৯৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত পাঁশকুড়া পৌর এলাকার জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হয়।
দীর্ঘ সময় ধরে তদন্তের পর সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ওই সমস্ত নথি পরবর্তী তদন্তের স্বার্থে পুলিশি সংরক্ষণে রাখা হবে বলে জানা গেছে। পৌরসভার কর্তৃপক্ষও তদন্তে সহযোগিতা করে প্রয়োজনীয় নথিপত্র পুলিশের হাতে তুলে দেন।
পৌরসভার আধিকারিকরা জানান, রাজ্য সরকারের নির্দেশে হওয়া এই তদন্ত প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তদন্তের মাধ্যমে যদি কোনও অনিয়ম থেকে থাকে, তবে তা সামনে আসবে বলেও তাঁদের আশা।

